সিদ্ধিরগঞ্জে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
- আপডেট: ০১:০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০৬১
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-১০ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) র্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, র্যাব-১০ ও র্যাব-১১–এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে ওয়ারেন্টভুক্ত ও আদালতের রায়ে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. আ. রউফকে গ্রেফতার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) ধারায় দায়ের হওয়া সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে সাজা দেন। রউফের বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার জামালদী এলাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রউফ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে দীর্ঘদিন বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় র্যাব। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




















