কক্সবাজারের হোটেলে অভিযান, ২১ জন গ্রেফতার পলাতক কোরিওগ্রাফার আলিফ
- আপডেট: ০৬:৫০:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
পর্যটন নগরী কক্সবাজারের কলাতলীতে একটি হোটেলে অভিযান চালিয়ে ৮ নারী ও ১৩ পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালানো হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, হোটেলটিতে অসামাজিক ও দেশের সংস্কৃতিবিরোধী কার্যকলাপ পরিচালিত হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ১৩ পুরুষ ও ৮ নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলেও জানান ওসি শেখ মোহাম্মদ আলী।
কক্সবাজার জেলা পুলিশের একটি সূত্র জানায়, গ্রেফতার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। তাঁদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
সূত্রটি জানায়, জিজ্ঞাসাবাদে মোফাসসিল হোসেন আলিফ নামের এক নাচের কোরিওগ্রাফারের নামও উঠে এসেছে। জেলা পুলিশের ওই সূত্রের দাবি, মিউজিক লাউঞ্জটিতে নারী সরবরাহ ও তাঁদের দিয়ে অশ্লীল নৃত্য পরিবেশনের সঙ্গে আলিফ জড়িত। এ বিষয়ে কিছু তথ্য-প্রমাণও পুলিশের হাতে এসেছে বলে সূত্রটি জানিয়েছে।
পুলিশের অভিযানের খবর পেয়ে আলিফ ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে দাবি করেছে সূত্রটি। তাঁকে গ্রেফতারের চেষ্টা চলছে।
পুলিশ সুপার (এসপি) এন. এম. সাজেদুর রহমানের নির্দেশে কক্সবাজারে অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।



















