বিএনপিকে সহযোগিতার অভিযোগে কারাবন্দী ছিলেন সেলিম প্রধান, এখন আ.লীগ তকমা কেন?
- আপডেট: ০৫:০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ১৮০২২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ব্যবসায়ী সেলিম প্রধানকে ঘিরে নতুন করে রাজনৈতিক তকমা দেওয়ার অভিযোগ উঠেছে। তার পরিবারের দাবি,অতীতে বিএনপিকে সহযোগিতা করার অভিযোগে চার বছর কারাবন্দী থাকার পরও বর্তমানে তাকে মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আওয়ামী লীগ ঘনিষ্ঠ হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর।
সেলিম প্রধানের পরিবারের সদস্যরা বলেন, বিগত সরকারের সময় সেলিম প্রধানকে বিএনপিকে সহায়তার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল এবং তিনি প্রায় চার বছর কারাভোগ করেন।
তাদের ভাষ্য অনুযায়ী, সেলিম প্রধান কখনো কোনো রাজনৈতিক দলের পদে অধিষ্ঠিত ছিলেন না এবং সক্রিয় রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন না। এমনকি চব্বিশের ৫ আগস্টের আগ পর্যন্তও তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন না বলে পরিবারের দাবি।
তবে সাম্প্রতিক তাকে রাজনৈতিক ও আর্থিক সহযোগিতার সঙ্গে জড়িত হিসেবে উপস্থাপন করা হয়েছে।
এই ব্যবসায়ীর পরিবারের মতে, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাকে নতুন করে রাজনৈতিকভাবে বিতর্কিত করার চেষ্টা করছে।
পরিবার আরও জানায়, আদালত থেকে জামিন পাওয়ার পরপরই নতুন মামলায় পুনরায় গ্রেফতার এবং সন্ত্রাসবিরোধী আইনের আওতায় অভিযোগ যুক্ত করার ঘটনাগুলো ন্যায়বিচার ও আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
সেলিম প্রধান একজন ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে পরিচিত উল্লেখ করে পরিবারের পক্ষ থেকে বলা হয়, চলমান পরিস্থিতি তার ব্যক্তিগত মর্যাদা, সামাজিক অবস্থান ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।
এদিকে তার পরিবার ইতোমধ্যে জাতীয় মানবাধিকার কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চিঠি দিয়ে নিরপেক্ষ তদন্ত এবং মানবাধিকার সুরক্ষার আহ্বান জানিয়েছে।
মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে পরিবার। একই সঙ্গে তাদের দাবি, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে সেলিম প্রধানকে মুক্তি দেওয়া হোক।



















