খিলগাঁওয়ে বিদেশি পিস্তল-গুলি ও প্রাইভেটকারসহ গ্রেফতার ২
- আপডেট: ০৭:৩৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
- / ১৮০১৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন– সাফায়েত হোসেন ওরফে সেন্টু ও মো. সবুজ ওরফে ইমন.
রবিবার(২২ মার্চ) সকালেখিলগাঁও থানার শেখের জায়গা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এদিন দুপুরে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন-অর-রশীদ এসব তথ্য জানান।
তিনি বলেন, রবিবার সকালে থানার একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে দুইজন ব্যক্তি প্রাইভেটকারসহ সন্দেহজনকভাবে খিলগাঁও থানাধীন শেখের জায়গায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সাফায়েত ও সবুজকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তারা খিলগাঁও থানা এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করার উদ্দেশে উক্ত পিস্তল, গুলি ও ম্যাগাজিন নিজ হেফাজতে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
সাফায়েতের বিরুদ্ধে খুন, অস্ত্র ও মাদকসহ মোট ৪টি মামলা এবং সবুজের বিরুদ্ধে ডাকাতি ও চুরির ২টি মামলা রয়েছে।



















