মিয়ানমার থেকে চোরাইপথে আনা স্ক্র্যাপসহ আটক ৭
- আপডেট: ০৭:১৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
চট্টগ্রামের পতেঙ্গায় মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে আনা প্রায় ৩৩ লাখ টাকা মূল্যের লোহার ও পুরোনো ব্যাটারি স্ক্র্যাপসহ সাত চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আজ সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানাধীন সী বিচ সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি কার্গোবোটে তল্লাশি চালিয়ে আনুমানিক ২ হাজার কেজি লোহার স্ক্র্যাপ ও ২০ হাজার কেজি পুরোনো ব্যাটারি স্ক্র্যাপ জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য ৩৩ লাখ টাকা। অভিযানে সাতজন চোরাকারবারিকেও আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, মিয়ানমার থেকে ফিশিং বোটের মাধ্যমে এসব স্ক্র্যাপ অবৈধভাবে বাংলাদেশে আনা হয়। পরে কার্গোবোটের মাধ্যমে তা কর্ণফুলী চ্যানেলে প্রবেশ করানো হয়।
জব্দ করা মালামাল, চোরাচালানে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















