মিরপুর বিআরটিএ দালাল চক্রের তৎপরতা রোধে অভিযান: আটক ১
- আপডেট: ০৮:১৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালাল চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে আনসার সদস্যরা।
রবিবার (২৯ মার্চ) বিকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সন্ধায় আনসার সদর দফতরের উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,ঢাকা মহানগর পশ্চিম জোনের কাফরুল থানাধীন মিরপুর বিআরটিএ কার্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে থাকা অঙ্গীভূত আনসার সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় দীর্ঘদিন ধরে সক্রিয় একটি দালাল চক্রের সদস্যকে হাতেনাতে ধরা পড়ে।
তিনি আরও বলেন,আটককৃত ব্যক্তি সাধারণ সেবাগ্রহীতাদের বিভ্রান্ত করে অবৈধভাবে অর্থ হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত ছিল। পরে মিরপুর বিআরটিএ’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে।
মিরপুর বিআরটিএ এলাকায় অঙ্গীভূত আনসার সদস্যদের নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির ফলে দালালদের এমন অপতৎপরতা অনেকাংশে কমেছে। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, সচেতনতা এবং ধারাবাহিক তৎপরতার মাধ্যমে একটি দালালমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব সেবা পরিবেশ নিশ্চিত করতে তারা প্রতিজ্ঞাবদ্ধ।



















