ডিএমপি কমিশনারের পুরস্কার: লুণ্ঠিত অস্ত্র উদ্ধার ও গ্রেফতারের স্বীকৃতি, পল্লবী থানা পুলিশ পেল ৯০ হাজার টাকা পুরস্কার
- আপডেট: ০৬:৩৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ১৮০২৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত বিদেশি আগ্নেয়াস্ত্র,বিপুল পরিমাণ গুলি উদ্ধার ও আসামি গ্রেফতারের স্বীকৃতিস্বরুপ পল্লবী থানা পুলিশের দুইটি টিমকে নগদ ৯০ হাজার টাকা পুরস্কার প্রদান করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো.সরওয়ার।
বুধবার(০১ এপ্রিল) দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে এ অর্থ প্রদান করেন মো. সরওয়ার।
জানা গেছে, গত মঙ্গলবার রাত প্রায় ৩টা ৫৫ মিনিটে পল্লবী থানাধীন আলীনগর সাগুফতা হাউজিংয়ের একটি নির্মাণাধীন পরিত্যক্ত ভবনে অভিযান চালায় পুলিশ। অভিযানে একটি ১২ বোরের বিদেশি শর্টগান,যা পূর্বে মিরপুর মডেল থানা থেকে লুণ্ঠিত হয়েছিল,সেটি উদ্ধার করা হয়। এ সময় ২৭ রাউন্ড তাজা কার্তুজ, ২ রাউন্ড কার্তুজের খোসা এবং ১০ রাউন্ড চায়না রাইফেলের তাজা গুলিও জব্দ করা হয়।
এছাড়া পৃথক আরেক অভিযানে একটি বিদেশি অবৈধ পিস্তল ও ৪ রাউন্ড তাজা গুলিসহ এক আসামিকে গ্রেফতার করে পল্লবী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,উদ্ধার হওয়া লুণ্ঠিত শর্টগানের জন্য সংশ্লিষ্ট টিমকে ৫০ হাজার টাকা এবং পিস্তলসহ আসামি গ্রেফতারের জন্য অপর টিমকে আরও ৪০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। সব মিলিয়ে পল্লবী থানার দুইটি টিমকে মোট ৯০ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার দেন পুলিশ কমিশনার।
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান ডিএমপি কমিশনারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেফতারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


















