ব্যবসায়ী সেলিম প্রধানের মুক্তির দাবিতে রাজধানীজুড়ে পোস্টার
- আপডেট: ১১:৩১:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় কারাবন্দী ব্যবসায়ী ও সমাজসেবক সেলিম প্রধানের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় পোস্টার লাগানো হয়েছে।
সম্প্রতি রাজধানীর গুলশান, বারিধারা, গুলিস্তান, হাইকোর্ট এলাকা, সিএমএম আদালত ও যাত্রাবাড়ীসহ গুরুত্বপূর্ণ স্থানে এসব পোস্টার লক্ষ্য করা যায়।
পোস্টারগুলোতে সেলিম প্রধানকে “অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর” এবং “চব্বিশের জুলাইয়ের আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী” হিসেবে উল্লেখ করা হয়েছে।
পোস্টারে দাবি করা হয়, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এতে বলা হয়, “ফ্যাসিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর” হিসেবে পরিচিত এই ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে।
এছাড়া পোস্টারে রূপগঞ্জবাসীর পক্ষ থেকে এসব মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং দ্রুত তার মুক্তি দাবি করা হয়।
এদিকে, সম্প্রতি রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এর সামনে সেলিম প্রধানের পরিবারের উদ্যোগে একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নিয়ে পরিবারের সদস্যরা অভিযোগ করেন, রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে একের পর এক মিথ্যা মামলায় তাকে কারাবন্দী রাখা হয়েছে।
তারা আরও দাবি করেন, সেলিম প্রধানের কোনো সক্রিয় রাজনৈতিক সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হচ্ছে।
মানববন্ধনে উপস্থিত পরিবার সদস্যরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার নিঃশর্ত মুক্তি নিশ্চিত করার দাবি জানান।


















