ওসি পদায়নের নামে প্রতারণা: ডিআইজির নাম ভাঙিয়ে অর্থ আদায়ের চেষ্টা,সতর্ক করল ঢাকা রেঞ্জ
- আপডেট: ০১:১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
- / ১৮০১০
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা রেঞ্জের বিভিন্ন জেলায় থানার অফিসার ইনচার্জ (ওসি) বা ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়নের নামে প্রতারণামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়।
ঢাকা রেঞ্জের মিডিয়া সেলের বরাতে জানানো হয়,সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি ও দালালচক্র ওসি পদায়নের নামে প্রতারণা করছে। তারা ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকের নাম ব্যবহার করে আর্থিক লেনদেনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।
মিডিয়া সেল জানিয়েছে, ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে কোনো থানার অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয় না। এ পদায়নের এখতিয়ার সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের (এসপি) ওপর ন্যস্ত। সম্পূর্ণ পেশাগত মূল্যায়ন, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই এ ধরনের পদায়ন সম্পন্ন হয়ে থাকে।
এতে আরও বলা হয়, ডিআইজি রেজাউল করিম মল্লিকের নাম ব্যবহার করে অর্থের বিনিময়ে ওসি পদায়নের প্রতিশ্রুতি দেওয়া সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও প্রতারণামূলক কর্মকাণ্ড, যা ফৌজদারি অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার পাশাপাশি ঢাকা রেঞ্জের ডিআইজির সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।
ঢাকা রেঞ্জ জানিয়েছে, এ ধরনের প্রতারণার বিষয়ে তারা ‘শূন্য সহনশীলতা’ (জিরো টলারেন্স) নীতি অনুসরণ করে। এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্র শনাক্ত হওয়ামাত্রই তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সকলকে সতর্ক করে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বা চক্র এ ধরনের প্রতারণামূলক প্রস্তাব দেয় বা এ বিষয়ে কোনো তথ্য জানা যায়, তবে অবিলম্বে নিকটস্থ থানা বা সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করতে।
বিশেষ দ্রষ্টব্য হিসেবে আবারও জানানো হয়েছে, রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে কোনো থানার ওসি বা ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়ন করা হয় না; এ পদায়নের এখতিয়ার শুধুমাত্র সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের।



















