টিআরসি নিয়োগের প্রথম দিন সম্পন্ন: কাগজপত্র যাচাই ও শারীরিক মাপজোক সম্পন্ন
- আপডেট: ০৭:৪৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / ১৮০১৭
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ফেব্রুয়ারি-২০২৬ নিয়োগ কার্যক্রমের শারীরিক সক্ষমতা যাচাই বাছাইয়ের প্রথম দিনের কার্যক্রম কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ৭টা থেকে কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেনের সভাপতিত্বে নিয়োগ কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, শারীরিক মাপ ও ওজন পরিমাপ করা হয়।
যাচাই-বাছাই শেষে যেসব প্রার্থীর কাগজপত্র ও শারীরিক মানদণ্ড সঠিক পাওয়া যায়, তাদেরকে উত্তীর্ণ ঘোষণা করা হয়। অন্যদিকে যাদের কাগজপত্রে ঘাটতি ছিল অথবা যারা শারীরিক মানদণ্ডে উত্তীর্ণ হতে পারেননি, তাদেরকে অনুত্তীর্ণ হিসেবে ঘোষণা করা হয়।
পুলিশ সুপার উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে পরবর্তী ধাপের জন্য শুভকামনা জানান। পাশাপাশি অনুত্তীর্ণ প্রার্থীদের আগামী নিয়োগ বিজ্ঞপ্তিতে পুনরায় অংশগ্রহণের আহ্বান জানান।
নিয়োগ কার্যক্রমে উপস্থিত প্রার্থীরা স্বচ্ছ ও সুশৃঙ্খল প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, তারা সবসময় এমন মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া প্রত্যাশা করেন। পুলিশ সুপারও প্রার্থীদের স্বচ্ছতা ও ন্যায্যতার বিষয়ে আশ্বস্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (স্পেশাল ক্রাইম ম্যানেজমেন্ট) তানভীর আহমদ, কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুকিত সরকার, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম বিপিএম, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আশিকুর রহমান, কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহমুদুল ইসলাম তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (ড্রয়িং অ্যান্ড ডিসবার্সমেন্ট) ফরিদা ইয়াসমিন কান্তা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল হকসহ নিয়োগ বোর্ডের অন্যান্য কর্মকর্তা ও ডাক্তারবৃন্দ।




















