মিয়ানমারে পাচারকালে ৬৬০ বস্তা সিমেন্টসহ ফিশিং বোট জব্দ
- আপডেট: ১০:০৮:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / ১৮০১৬
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সন্দ্বীপ থানাধীন সারিকাইত গাছতলী ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদকৃত বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (১৫ এপ্রিল ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বুধবার সকাল ১০টায় কোস্ট গার্ড আউটপোস্ট সারিকাইত কর্তৃক এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সন্দেহজনক একটি ফিশিং বোট তল্লাশি করে প্রায় ৬৬০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লক্ষ ৬৩ হাজার টাকা। জব্দকৃত সিমেন্ট শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে জানা যায়। এ সময় পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত সিমেন্ট এবং পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন,চোরাচালান ও অবৈধ পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















