এসএসসি পরীক্ষা: কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ
- আপডেট: ০৮:১২:০২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ২০২৬ সালের এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষাকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২১ এপ্রিল থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশে অর্পিত ক্ষমতাবলে কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
এতে আরও বলা হয়, পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। কেন্দ্রগুলোতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়া নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



















