গিগাবাইটের ‘অরোস প্রাইম ৫’ গেমিং ডেস্কটপ উন্মোচন, দাম ৩.৪৫ লাখ টাকা
- আপডেট: ১২:৪৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ১৮০১০
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান Gigabyte Technology নতুন উচ্চক্ষমতাসম্পন্ন গেমিং ডেস্কটপ ‘অরোস প্রাইম ৫’উন্মোচন করেছে। উন্নত আর্কিটেকচার, শক্তিশালী হার্ডওয়্যার ও আধুনিক কুলিং প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই ডেস্কটপটি গেমিং ও কনটেন্ট ক্রিয়েশনের জন্য উপযোগী বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ডিভাইসটিতে সর্বোচ্চ AMD Ryzen 7 9800X3D প্রসেসর এবং NVIDIA GeForce RTX 5080 গ্রাফিক্স কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে। পাশাপাশি ২ টেরাবাইট এসএসডি ও ৩২ জিবি আরজিবি র্যাম যুক্ত থাকায় দ্রুত ডেটা প্রসেসিং ও নিরবচ্ছিন্ন মাল্টিটাস্কিং সম্ভব হবে।
নির্দিষ্ট কনফিগারেশনের একটি মডেলে রয়েছে AMD Ryzen 7 9700X প্রসেসর, NVIDIA GeForce RTX 5070 Ti (১৬ জিবি), বি৮৫০ মাদারবোর্ড, ৫৬০০ মেগাহার্টজ গতির ৩২ জিবি র্যাম, ২ টেরাবাইট জেন৪ এসএসডি, অরোস ২৪০ লিকুইড কুলার, ৮৫০ ওয়াট গোল্ড রেটেড পাওয়ার সাপ্লাই এবং Windows 11 Home।
ডেস্কটপটির কুলিং ব্যবস্থায় ‘হক ফ্যান’ প্রযুক্তি ব্যবহৃত হয়েছে, যা বায়ুচাপ ও এয়ারফ্লো উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করে। এয়ারোস্পেস গ্রেড উইং-টিপ প্রযুক্তির কারণে শব্দ কম থাকে এবং দীর্ঘসময় ভারী কাজেও সিস্টেম ঠাণ্ডা থাকে। এছাড়া ৮০ শতাংশ মেশ ইনটেক এরিয়া ও অতিরিক্ত সাইড ভেন্ট কুলিং দক্ষতা বাড়ানোর পাশাপাশি আরজিবি লাইটিংয়ের অভিজ্ঞতাও উন্নত করে।
গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, এটি একটি ‘প্লাগ-অ্যান্ড-প্লে’ প্রি-বিল্ট সমাধান, যা গেমার ও কনটেন্ট নির্মাতাদের জন্য প্রস্তুত করা হয়েছে। দেশে ডিভাইসটি বাজারজাত করছে Smart Technologies (BD) Limited।
বাংলাদেশের বাজারে ‘অরোস প্রাইম ৫’-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৪৫ হাজার টাকা।



















