টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক
- আপডেট: ০৪:৩৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
- / ১৮০১৭
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ এক কুখ্যাত মানবপাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (২৪ এপ্রিল ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল টেকনাফ থানাধীন মহেশখালিয়া পাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে সেখান থেকে একটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তলসহ মো. ইয়াসিন (২৮) নামে এক মানবপাচারকারীকে আটক করা হয়।
আটক ইয়াসিন টেকনাফের মহেশখালিয়াপাড়ার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মানবপাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় কোস্ট গার্ড। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।
জব্দকৃত অস্ত্র ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং মানবপাচার প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















