তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
- আপডেট: ১০:০৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি-এর সঙ্গে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে মহাপরিচালক বাহিনীর চলমান প্রশিক্ষণ কার্যক্রম, সক্ষমতা উন্নয়ন এবং কমিউনিটি পর্যায়ে তরুণ ও প্রশিক্ষিত সদস্যদের সম্পৃক্ততার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বিশেষভাবে “কমিউনিটি জার্নালিজম” উদ্যোগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, কমিউনিটি পর্যায়ে অবস্থানরত প্রশিক্ষিত ভিডিপি সদস্যরা দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য সরবরাহের মাধ্যমে সামাজিক অপরাধ প্রতিরোধ, গুজব মোকাবিলা, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।
এ সময় মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন বাহিনীর সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন। তিনি জননিরাপত্তা রক্ষা, শৃঙ্খলা বজায় রাখা এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বাহিনীর অবদানের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
মন্ত্রী আরও বলেন, তরুণ ও প্রশিক্ষিত সদস্যদের সম্পৃক্ত করে কমিউনিটি জার্নালিজম কার্যক্রমকে আরও বিস্তৃত করা গেলে স্থানীয় পর্যায়ে তথ্যভিত্তিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ এ উদ্যোগকে আরও কার্যকর ও বিস্তৃত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।



















