বনানীতে ২৬ তলা ভবনের ২৩ তলায় আগুন, আধাঘন্টায় নির্বাপণ
- আপডেট: ০৭:৪৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর বনানীতে একটি ২৬ তলা বহুতল ভবনের ২৩ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে এফআর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ার নামের ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, বিকাল ৫টা ৩৬ মিনিটে ২৬ তলা ভবনটির ২৩ তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
এদিকে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের মিডিয়া উইং এক বার্তায় জানায়, আহমেদ টাওয়ারের ২৩ তলায় একটি বায়িং হাউজের অফিস। সেখানে থাকা এসি ও কম্পিউটারের সার্ভারে আগুন লেগেছিলো। বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন নির্বাপণ করা হয়।



















