ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট স্থগিত করলো এয়ার ইন্ডিয়া
- আপডেট: ০৮:৪২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ১৮০০২
সোনালী খবর ডেস্ক:
রেকর্ড পরিমাণ উচ্চ জেট ফুয়েলের দাম এবং আকাশপথে চলাচলের ওপর চলমান বিধিনিষেধের কারণে ২০২৬ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক রুটে ফ্লাইট কমানোর ঘোষণা দিয়েছে এয়ার ইন্ডিয়া।
সংস্থাটির নতুন সূচি অনুযায়ী, এশিয়া অঞ্চলের মধ্যে মুম্বাই-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে পুরোপুরি স্থগিত করা হয়েছে। এ ছাড়া দিল্লি থেকে ঢাকা, কাঠমান্ডু, কলম্বো, ব্যাংকক, কুয়ালালামপুর ও সিঙ্গাপুর রুটের ফ্লাইটের সংখ্যা সাপ্তাহিকভবে কমিয়ে আনা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
সংস্থাটি জানায়, নেটওয়ার্কের স্থিতিশীলতা বজায় রাখা এবং যাত্রীদের শেষ মুহূর্তের ভোগান্তি কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সীমিত কার্যক্রমের মধ্যেও প্রতি মাসে এক হাজার দুই শতাধিক আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে।
উত্তর আমেরিকার রুটে দিল্লি থেকে শিকাগো ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দিল্লি থেকে সান ফ্রান্সিসকো রুটে সাপ্তাহিক ফ্লাইট দশটি থেকে কমিয়ে সাতটি করা হয়েছে। দিল্লি থেকে টরন্টো রুটে জুলাই পর্যন্ত সাপ্তাহিক ফ্লাইট দশটি থেকে কমিয়ে পাঁচটি করা হবে। তবে আগস্ট থেকে আবার দৈনিক ফ্লাইট চালু করার পরিকল্পনা রয়েছে। দিল্লি থেকে ভ্যাঙ্কুভার রুটে সাপ্তাহিক ফ্লাইট সাতটি থেকে কমিয়ে পাঁচটি করা হয়েছে।
ট্রান্সআটলান্টিক রুটে মুম্বাই থেকে নিউয়ার্ক রুটে সাপ্তাহিক ফ্লাইট তিনটি থেকে বাড়িয়ে সাতটি করা হলেও দিল্লি থেকে নিউয়ার্ক এবং মুম্বাই থেকে নিউইয়র্কের জে এফ কে রুট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
ইউরোপীয় রুটে দিল্লি থেকে প্যারিস রুটে সাপ্তাহিক ফ্লাইট চৌদ্দটি থেকে কমিয়ে সাতটি করা হয়েছে। এছাড়া কোপেনহেগেন, মিলান, ভিয়েনা, জুরিখ ও রোম রুটেও ফ্লাইটের সংখ্যা কমানো হয়েছে।
অস্ট্রেলিয়ার ক্ষেত্রে দিল্লি থেকে মেলবোর্ন ও দিল্লি থেকে সিডনি রুটে দৈনিক ফ্লাইটের পরিবর্তে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করা হবে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার রুটে দিল্লি থেকে সাংহাই এবং চেন্নাই থেকে সিঙ্গাপুর ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি সিঙ্গাপুর, ব্যাংকক, কুয়ালালামপুর, হো চি মিন সিটি ও হ্যানয় রুটে ফ্লাইটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। ঢাকা রুটেও ফ্লাইট সংখ্যা কমানো হয়েছে।
দিল্লি থেকে কাঠমান্ডু রুটে জুলাই ও আগস্টে সাপ্তাহিক ফ্লাইট চুয়াল্লিশটি থেকে কমিয়ে একুশটি করা হবে। দিল্লি থেকে মালে রুটও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এদিকে, এই পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটে পুনঃবুকিং, বিনামূল্যে ভ্রমণের তারিখ পরিবর্তন অথবা সম্পূর্ণ অর্থ ফেরতের সুবিধা রাখা হয়েছে। সহায়তার জন্য এয়ার ইন্ডিয়ার চব্বিশ ঘণ্টার যোগাযোগ কেন্দ্র ও অনলাইন সেবা চালু থাকবে।
সংস্থাটি আরও জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত পূর্ণ সক্ষমতায় ফ্লাইট চালু করতে তারা নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে সমন্বয় করছে।



















