যাত্রাবাড়ীতে ২৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩,পিকআপ জব্দ
- আপডেট: ০৪:০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন— মো. মোস্তাকিন মিয়া, শেখ ফয়সাল ও মো. আরিফ মিয়া।
বুধবার রাত সাড়ে ৩টার দিকে যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় চত্বর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (১৫ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন মাদক কারবারি ধোলাইপাড় এলাকায় গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৭০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। উদ্ধার হওয়া গাঁজাও বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল তারা।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



















