কিশোরগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স ঘোষণা: পুলিশ সুপার মিজানুর রহমান
- আপডেট: ১১:৩০:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
গত শুক্রবার জুমা’র নামাজ শেষে কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্স মসজিদে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে বিশেষ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
বক্তব্যে তিনি সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে মাদকের কুফল নিয়ে আলোচনা করেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি স্পষ্টভাবে বলেন, মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। মাদক কারবারি কিংবা এ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ সুপার আরও বলেন, কর্তব্যরত অবস্থায় প্রত্যেক পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের সঙ্গে সদাচরণ বজায় রেখে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
গুজব প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জেলার সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশকে সবসময় তৎপর থাকতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, কোনো পুলিশ সদস্যের মাদকের সঙ্গে সম্পৃক্ততা প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয়ভাবে কঠোরতম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বক্তব্য শেষে দেশ, জাতি ও পুলিশের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



















