বিশ্বকাপ ফুটবলের আবহে চট্টগ্রাম মডেল স্কুলে ক্রীড়া উৎসব, প্রাণবন্ত প্র্যাকটিস সেশন
- আপডেট: ০৩:০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / ১৮০১৪
এম নজরুল ইসলাম খান:
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন বিশ্বজুড়ে ফুটবল জ্বরে কাঁপছে, সেই আবহকে শিক্ষার ইতিবাচক শক্তিতে রূপান্তর করেছে চট্টগ্রামের Chattogram Model School।
শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, নৈতিক ও সৃজনশীল বিকাশের লক্ষ্যে বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬’-এর বিভিন্ন কর্মসূচি।
“খেলায় খেলায় শিক্ষা, আনন্দে আনন্দে বিকশিত হোক প্রতিটি শিশুর সুপ্ত প্রতিভা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১৪ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ফুটবল শটে গোল করার প্র্যাকটিস সেশন। বিশ্বকাপ ফুটবলের আবহে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস পরিণত হয় উৎসবমুখর পরিবেশে।
প্র্যাকটিস সেশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে নিজেদের দক্ষতা প্রদর্শন করে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ ধরনের ক্রীড়া কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি বিকাশ, দলগত চেতনা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জানা গেছে, ফুটবল শটে গোল করার চূড়ান্ত পর্ব আগামী ২১ জুন ২০২৬ (রবিবার) বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে অনুষ্ঠিত হবে।
আজকের প্র্যাকটিস সেশন পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ইলিয়াছ। উপস্থিত ছিলেন শিক্ষক সুপন দেবনাথ ও মেহেদী হাসান ছোটন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চট্টগ্রাম মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ইয়াসমিন ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন রুমানা পারভীন আক্তার, কণিকা, লাকি দাস, চৈতি, জান্নাত ঊর্মি, মোমেনা আক্তার, সানজিদা আক্তার, মিম আক্তারসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
বিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, পাঠ্যবইয়ের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সমন্বয়ের মাধ্যমে দক্ষ, মানবিক, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলাই তাদের লক্ষ্য।






















