লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, অসুস্থ ১৫ জন
- আপডেট: ১০:১২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধ উপায়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করে ব্যর্থ ও লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন মানবেতর জীবন কাটানো আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। প্রত্যাবর্তনকারীদের মধ্যে ৩ জন নারী, ১ জন শিশু এবং শারীরিকভাবে মারাত্মক অসুস্থ ১৫ জন নাগরিক রয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৬টায় লিবিয়ার বুরাক এয়ারের ‘UZ222’ বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বাংলাদেশ দূতাবাসের কার্যকর উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর প্রত্যক্ষ সহযোগিতায় লিবিয়ার বেনগাজীতে অবস্থিত গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের মানবিকভাবে উদ্ধার করে দেশে ফেরানো হয়।
দূতাবাস সূত্রে জানা গেছে, সমুদ্রপথে ইউরোপে অনুপ্রবেশের সময় লিবীয় কোস্টগার্ড ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে এসব অভিবাসী দীর্ঘদিন গ্যানফুদা কেন্দ্রে বন্দি ছিলেন।
বাংলাদেশ দূতাবাস নিয়মিতভাবে বেনগাজীর গ্যানফুদা এবং ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশীদের পরিচয় নিশ্চিত করে ট্রাভেল পারমিট ইস্যু ও প্রত্যাবাসন প্রক্রিয়া পরিচালনা করছে। বর্তমানে ডিটেনশন সেন্টারে আটকে থাকা অন্যান্য বাংলাদেশিদেরও ধাপে ধাপে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, জীবনের ঝুঁকি নিয়ে দালাল চক্রের খপ্পরে পড়ে সমুদ্রপথে অবৈধভাবে বিদেশযাত্রা না করার জন্য পুনরায় সতর্ক করে লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে অনেকেই প্রাণ হারাচ্ছেন, নিখোঁজ হচ্ছেন বা বন্দি অবস্থায় ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছেন। বিদেশ গমনের ক্ষেত্রে সবাইকে বৈধ ও নিরাপদ অভিবাসন পথ অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, একই পরিস্থিতির শিকার হয়ে গত ৭ আগস্ট লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে আরও ৩৪০ জন বাংলাদেশি নিরাপদে দেশে ফিরেছিলেন।



















