মহাখালীতে চুরি,এনা পরিবহনের বাস মিরপুরে উদ্ধার
- আপডেট: ০২:৩৬:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে চুরি হওয়া এনা পরিবহনের একটি বাস জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় বাসের ভেতর থাকা দুইজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন- মো. রাসেল (২১) ও লালচান (৩০)।
৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, বুধবার (১৯ আগস্ট) ভোর ৪টার দিকে মহাখালী বাস টার্মিনাল থেকে মাহফুজ নামে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, টার্মিনালে পার্কিং করে রাখা ৪০ আসনের এনা পরিবহনের একটি বাস চুরি হয়েছে। বাসটিতে থাকা জিপিএস ট্র্যাকার থেকে দেখা যাচ্ছিল, সেটি মিরপুর বেড়িবাঁধের দিকে চলাচল করছে।
৯৯৯ তাৎক্ষণিকভাবে বাসটি উদ্ধারে ডিএমপি কন্ট্রোলরুম, তুরাগ থানা ও রূপনগর থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জানায়। ৯৯৯-এর কলটেকার কনস্টেবল সাখাওয়াত হোসেন কলটি গ্রহণ করেন। পরে পুলিশ ডিসপাচার এসআই আমিনুল ইসলাম কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।
৯৯৯ থেকে খবর পেয়ে রূপনগর থানার একটি দল মিরপুর বেড়িবাঁধের পঞ্চবটি মোড় থেকে প্রায় ৫০০ গজ উত্তরে অভিযান চালিয়ে এনা পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৪-৭৩০৯ নম্বরের বাসটি আটক করে। এ সময় বাস থেকে দুইজনকে আটক করা হয়।
এ ঘটনায় চুরির অভিযোগে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পরিদর্শক আনোয়ার সাত্তার।



















