মিরপুরে অবৈধ ব্যাটারি রিকশার গ্যারেজে অভিযান,৭০ ব্যাটারি জব্দ
- আপডেট: ০৫:১৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মিরপুরে অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগ ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টা থেকে মিরপুর হাজী রোড, ঢাকা কমার্স কলেজ রোড, চিড়িয়াখানা রোড ও আল-কামাল হাউজিং এলাকায় ব্যাটারিচালিত রিকশার গ্যারেজগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৭০টি ব্যাটারি জব্দ করা হয়েছে। পাশাপাশি ২৫টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগ, সংশ্লিষ্ট থানা পুলিশ ও ডেসকোর সমন্বয়ে পরিচালিত অভিযানে ডিসি ট্রাফিক মিরপুর মোহাম্মদ ছানোয়ার হোসেন, এডিসি ট্রাফিক মিরপুর বিভাগ পরিত্রাণ তালুকদার, সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্য, ট্রাফিক মিরপুর বিভাগের সদস্য এবং ডেসকোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিস্তার রোধ, অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং সড়কে শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















