প্রযুক্তিনির্ভর আধুনিকায়নে গুরুত্ব,নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দিকনির্দেশনা মহাপরিচালকের
- আপডেট: ০৮:১৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
প্রযুক্তিনির্ভর আধুনিকায়নে গুরুত্ব,নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আধুনিক ব্যাংকিং ব্যবস্থা ও ডিজিটাল গ্রাহকসেবায় দক্ষ হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর খিলগাঁও বাংলাদেশ আনসার সদর দপ্তরে নবনিয়োগপ্রাপ্ত সিনিয়র কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ সেশনে তিনি এ আহ্বান জানান।
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনিয়োগপ্রাপ্ত ১৫১ জন সিনিয়র কর্মকর্তার পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা প্রদানের লক্ষ্যে বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। এর অংশ হিসেবে ২৫ জন সিনিয়র কর্মকর্তার অংশগ্রহণে গত ১৫ আগস্ট থেকে মৌলিক প্রশিক্ষণ কোর্সের প্রথম ধাপের কার্যক্রম শুরু হয়। আগামী ২৭ আগস্ট পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।
প্রশিক্ষণ সেশনে মহাপরিচালক বাহিনী ও ব্যাংকের সাংগঠনিক কাঠামো, উদ্দেশ্য, লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি বাহিনীর অগ্রগতির সঙ্গে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সম্পৃক্ততা, বাহিনীর ‘সঞ্জীবন’ প্রকল্প বাস্তবায়নে ব্যাংকের গুরুত্ব এবং প্রযুক্তিনির্ভর সংস্কারের মাধ্যমে ব্যাংকের আধুনিকায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক বাহিনীর সদস্যদের আর্থিক অন্তর্ভুক্তি ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
‘সঞ্জীবন’ প্রকল্পসহ বাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের সঙ্গে ব্যাংকের কার্যকর সম্পৃক্ততা আরও জোরদারের মাধ্যমে সদস্যদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা সম্ভব।
তিনি ব্যাংকের সেবা ও কার্যক্রমকে আরও দক্ষ, স্বচ্ছ, আধুনিক ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।
সেশনে ব্যাংকের ডিজিটাল ও প্রযুক্তিগত আধুনিকায়নে Core Banking System (CBS) বাস্তবায়ন এবং BACH, NPSB, BEFTN/EFT-সহ জাতীয় পেমেন্ট ও ক্লিয়ারিং ব্যবস্থার সঙ্গে সংযুক্তির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এসব প্রযুক্তিগত উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রাহকসেবা, আন্তঃব্যাংক লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম আরও দ্রুত, নিরাপদ ও সহজ হবে বলে প্রত্যাশা করা হয়।
নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে মহাপরিচালক বলেন, ব্যাংকের ভবিষ্যৎ লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে পেশাদারিত্ব, দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি গ্রাহকসেবার মানোন্নয়ন ও ব্যাংকের কার্যক্রমে দক্ষতা বৃদ্ধির জন্য কর্মকর্তাদের নিজেদের প্রস্তুত করতে হবে।
প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আধুনিকায়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং গ্রাহকবান্ধব ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হয়।



















