মিরপুর বিআরটিএতে আনসারের অভিযানে ৩ দালাল আটক, ৩০ দিনের কারাদণ্ড
- আপডেট: ০৯:১৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ১৮০০৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক তিনজনের প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের কাফরুল থানাধীন বিআরটিএ মিরপুর কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়। সেবাগ্রহীতাদের বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের সময় তাদের আটক করা হয়।
এদিন সন্ধায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য জানান।
তিনি বলেন, পিসি মো. খোরশেদ আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে এপিসি মো. আল মিজানসহ আনসার সদস্য মো. সোহেল রানা, রাকিব মিয়া, রোকনুজ্জামান, শাহীন আলম, মো. মানিক মিয়া ও মো. মতিয়ার অংশ নেন।
আটকের পর ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ার তিনজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে দণ্ডপ্রাপ্তদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিআরটিএ কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি ও অবৈধ অর্থ আদায় প্রতিরোধে আনসারের এ ধরনের দালালবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের কার্যক্রমের ফলে সেবাগ্রহীতাদের জন্য আরও স্বচ্ছ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।



















