ছাত্র বলাৎকারের অভিযোগে ৯৯৯ ফোনকলে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
- আপডেট: ০১:৪২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০২৯
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নারায়ণগঞ্জ ফতুল্লায় ১৭ বছরের এক ছাত্রকে বলাৎকার করার অভিযোগে তাহসিনুল কোরআন মাদ্রাসার এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন মুসলিম নগর থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান তাদের এলাকার তাহসিনুল কোরআন মাদ্রাসার একজন শিক্ষক ১৭ বছরের এক ছাত্রকে বলাৎকার করার কারণে এলাকার লোকজন মারধর করে শিক্ষককে আটকে রেখেছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ৯৯৯ থেকে তাৎক্ষনিকভাবে ফতুল্লা থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়।
আনোয়ার সাত্তার বলেন, ঘটনাসূত্রে জানা যায়, হাফেজি পাশ করা মাদ্রাসা ছাত্র (১৭) ভালভাবে কোরান মুখস্ত করার জন্য এক বছর আগে ওই মাদ্রাসায় ভর্তি হয়। গত এক বছর যাবত অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক রফিকুল ইসলাম ভয়-ভীতি প্রদর্শন করে ভুক্তভোগী ছাত্রকে বলাৎকার করে আসছিল। সর্বশেষ গত ৩১ আগস্ট রাতে অভিযুক্ত শিক্ষক ভুক্তভোগীকে বলাৎকার করলে সে অসুস্থ হয়ে পড়ে। তখন ছাত্রের মা সংবাদ পেয়ে তাকে চিকিৎসার জন্য বাসায় আনার পর এসব বিষয়ে জানতে পারেন এবং এলাকার লোকজন নিয়ে মাদ্রাসা ঘেরাও করলে অভিযুক্ত বলাৎকারের অভিযোগ স্বীকার করেন।
তিনি আরও বলেন, খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনগণের সহায়তায় অভিযুক্ত মো. রফিকুল ইসলামকে (২৮) মুসলিম নগর তাহসিনুল কোরআন মাদ্রাসা থেকে গ্রেফতার করে। এ সংক্রান্তে ভুক্তভোগীর মাতা বাদী হয়ে একটি মামলা রুজু করেছেন।




















