লঞ্চে শ্বাসকষ্টে সংকটাপন্ন নারী, ১৬১১১-এ ফোন পেয়ে ছুটে গেল কোস্ট গার্ড
- আপডেট: ০৬:৩৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০১৭
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
চাঁদপুরের হাইমচরে যাত্রীবাহী লঞ্চে হঠাৎ অসুস্থ হয়ে সংকটাপন্ন হয়ে পড়া এক নারীকে চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে কোস্ট গার্ডের বোটে করে তাকে চাঁদপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ভোলা থেকে ঢাকাগামী ‘এমভি রাজারহাট-বি’ নামের যাত্রীবাহী লঞ্চটি চাঁদপুরের হাইমচর থানাধীন আখনের ঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে ওই নারীর শ্বাসকষ্ট শুরু হয়। একপর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে সঙ্গে থাকা স্বজন কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ওই ব্যক্তি তার অসুস্থ ভাগ্নীকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চে রওনা হন। দুপুর ১টার দিকে লঞ্চটি আখনের ঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ তার ভাগ্নীর শ্বাসকষ্ট বেড়ে যায় এবং তিনি সংকটাপন্ন হয়ে পড়েন।
জরুরি ফোন পেয়ে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে অক্সিজেন সিলিন্ডারসহ একটি মেডিক্যাল টিম দ্রুত লঞ্চটিতে পৌঁছে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেয়। পরে রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য কোস্ট গার্ডের বোটে করে চাঁদপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সোমবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।
তিনি বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।




















