মরিয়মের মৃত্যু: এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী আদালতে, রিমান্ড আবেদন
- আপডেট: ০২:৪৭:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামকে আদালতে পাঠিয়েছে পুলিশ। সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি বলেন, ‘নিহত মরিয়ম খাতুনের মরদেহ হস্তান্তরের জন্য গাড়ি প্রস্তুত করা হয়েছে। আর দুই আসামিকে (এমপি নজরুল ও মাকছুদা) আদালতে পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এখন আদালত যে কয় দিনের আবেদন মঞ্জুর করেন।’
মরিয়ম খাতুনের বাবা এস এম মাসুম বিল্লাহ গত রবিবার রাতে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলাটি করেন। মামলায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ছাড়াও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, মরিয়মের মরদেহ উদ্ধারের পর গাজী নজরুল ইসলাম ও মাকছুদাকে জিজ্ঞাসাবাদের জন্য শেরেবাংলা নগর থানায় নেওয়া হয়েছিল। পরে মরিয়মের বাবার করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরিয়মের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।



















