দায়িত্ব নেওয়ার কয়েক মাসেই বদলি বাগেরহাট-চুয়াডাঙ্গার এসপি, নতুন দায়িত্বে জামিরুল-মেহেদী
- আপডেট: ১০:৫৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বাগেরহাট ও চুয়াডাঙ্গার পুলিশ সুপারকে (এসপি) ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। তাদের স্থলাভিষিক্ত হিসেবে নতুন করে দুই কর্মকর্তাকে জেলা দুটির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে ডিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। গত এপ্রিল মাসের শেষ দিকে তাকে বাগেরহাটের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানকেও ডিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। তিনি গত মার্চ মাসে চুয়াডাঙ্গা জেলা পুলিশের দায়িত্ব নিয়েছিলেন।
অন্যদিকে, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. জামিরুল ইসলামকে বাগেরহাটের নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। আর বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের এই চার কর্মকর্তার বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে।



















