প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে, করা হবে জিজ্ঞাসাবাদ
- আপডেট: ১১:২৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০১৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ন্যাম ভবনে মরদেহ সুরতহাল শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।
তিনি বলেন, আমরা সন্ধ্যা ৭টার পর খবর পাই ৫ নম্বর ভবনের দোতলার ২০৩ নম্বর কক্ষে একটি ঝুলন্ত মরদেহের খবর পাই। পরে পুলিশ, সিআইডি, পিবিআই, ডিবি সেখানে যায়।
তিনি আরও বলেন, আমরা জানতে পারি কক্ষটি সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুল ইসলামের। সেখানে গিয়ে আমরা আইনগত কাজগুলো করি। আমরা জানতে পারি মরদেহটি এমপির দ্বিতীয় স্ত্রীর,’ যোগ করেন তিনি।
এই কর্মকর্তা আরও বলেন, আমরা এখন এমপি নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহের সুরতহালের জন্য সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে।
এক প্রশ্নের জবাবে উপকমিশনার বলেন, ‘আমরা ঝুলন্ত অবস্থায় মরদেহটি পেয়েছি। বাকিগুলো তদন্তের বিষয়।’
এর আগে, গত ২২ জুলাই ‘নৈতিক অসদাচরণের’ কথা জানিয়ে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।




















