সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে আটক ভুয়া ডাক্তার
- আপডেট: ০৪:৫৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তারের এপ্রোন পরে রোগীদের সঙ্গে কথা বলা এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিকে নেওয়ার চেষ্টার অভিযোগে শারমিন আক্তার (৩৪) নামে এক নারীকে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো.নাজমুস সাকিব এ তথ্য জানান।
মো.নাজমুস সাকিব বলেন, বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পারেন হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা। পরে হাসপাতালটির ক্যাম্প ইনচার্জ পিসি সাদেক বাচ্চুর নেতৃত্বে অভিযান চালিয়ে একপর্যায়ে ৩১৩ নম্বর ওয়ার্ডে ডিউটিরত ডাক্তারের এপ্রোন পরিহিত অবস্থায় শারমিন আক্তারকে দেখতে পান আনসার সদস্যরা। এ সময় তার পরিচয় ও হাসপাতালে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রথমে নিজেকে ডাক্তার দাবি করেন। একপর্যায়ে তিনি জানান, তিনি একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে জানা যায় ওই নারী ডাক্তারের এপ্রোন পরে হাসপাতালের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছিলেন। এ সময় তিনি চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে বেসরকারি ক্লিনিকে নেওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি জানতে পেরে আনসার সদস্যরা নজরদারি বাড়িয়ে তাকে আটক করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন।
পরে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে ওই নারীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের নিকট সোপর্দ করা হয় বলেও জানান এই কর্মকর্তা।



















