নির্বাচনী দায়িত্বে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার ওপর গুরুত্বারোপ পুলিশ সুপারের
- আপডেট: ০৮:২৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নোয়াখালীতে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু ও দক্ষতার সঙ্গে পালনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নোয়াখালীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। এ সময় তিনি প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষণের বিভিন্ন বিষয় ও প্রশিক্ষণার্থীদের কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন নির্বাচনী দায়িত্ব পালনে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা, নিরপেক্ষতা ও আইনানুগ আচরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু, নিরপেক্ষ ও দক্ষতার সঙ্গে পালনের ওপর গুরুত্বারোপ করেন।
পরে পুলিশ সুপার প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রশিক্ষক, প্রশিক্ষণার্থীসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















