বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার দুই অস্ত্রধারী
- আপডেট: ০৯:২৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর পল্লবীতে অস্ত্রসহ অবস্থানকালে দুই অস্ত্রধারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মো. জনি (২৮) ও মো. পারভেজ (৩১)।
মঙ্গলবার (০৬ অক্টোবর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
গোয়েন্দা মিরপুর বিভাগের বরাত দিয়ে আকতার হোসেন বলেন, গতকাল সোমবার (৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে ডিবি মিরপুর বিভাগের একটি বিশেষ অভিযানিক দল জানতে পারে, রাজধানীর পল্লবী থানাধীন বাউনিয়াবাদ আবাসিক এলাকায় কয়েকজন অস্ত্রধারী অবস্থান করছে। পরে ডিবি মিরপুর বিভাগের বিশেষ অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে মো. জনি ও মো. পারভেজকে গ্রেফতার করে। এ সময় বাবু নামে অপর একজন দৌড়ে পালিয়ে যায়।
তিনি বলেন, গ্রেফতারের পর জনির দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পেছনের কোমর থেকে একটি সচল ৯ এমএম বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। ওই ম্যাগাজিনের ভেতর ৯ এমএম পিস্তলের পাঁচ রাউন্ড গুলি ছিল। অপরদিকে, পারভেজের প্যান্টের পকেট থেকে একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়, যার ভেতর KF 7.65-এর তিন রাউন্ড গুলি পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতারকৃতরা জানায়, পলাতক বাবুর হেফাজতে আরও একটি অস্ত্র ছিল। তারা দীর্ঘদিন ধরে এলাকায় দখলদারিত্ব ও আধিপত্য বিস্তার করে আসছিল। এরই ধারাবাহিকতায় অস্ত্রসহ তারা ঘটনাস্থলে অবস্থান করছিল।
এ ঘটনায় ডিএমপির পল্লবী থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক আসামি বাবুকে গ্রেফতার এবং তার হেফাজতে থাকা অস্ত্র উদ্ধারে ডিবি মিরপুর বিভাগের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।


















