নিষিদ্ধ সংগঠনের নেতাদের সঙ্গে যোগাযোগ, নজরদারিতে এসপি জাহাংগীর , মুঠোফোন জব্দ
- আপডেট: ১০:০০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ১৮০১০
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
চট্টগ্রামে রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের সরকারি ও ব্যক্তিগত মুঠোফোন জব্দ করা হয়েছে। তাকে নজরদারিতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) নগরের হালিশহরে জেলা পুলিশ লাইনে অবস্থিত তার কার্যালয় থেকে মুঠোফোন দুটি জব্দ করা হয়।
চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদমাধ্যমে তিনি বলেন, এসপি জাহাংগীর আলমের বিরুদ্ধে একটি অভিযোগ থাকায় তার মুঠোফোন জব্দ করা হয়েছে। তাকে নজরদারিতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কী অভিযোগে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে চাননি তিনি।
পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জাহাংগীর আলম ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। ওই সময় নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে তার যোগাযোগ থাকার অভিযোগ রয়েছে।
তবে অভিযোগের বিষয়ে এসপি জাহাংগীর আলমের বক্তব্য পাওয়া যায়নি।



















