খুলনায় একদিনে পাঁচ স্থানে গুলি, নিহত – নগরজুড়ে আতঙ্ক
- আপডেট: ১১:৩৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / ১৮০০৩
মোসলেহ্উদ্দিন তুহিন, স্টাফ রিপোর্টার, খুলনা: খুলনা মহানগরীতে একদিনে পাঁচটি পৃথক স্থানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আব্দুল হালিম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। একের পর এক গুলিবর্ষণ, চাঁদাবাজির অভিযোগ ও হত্যাকাণ্ডের ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) খুলনা মহানগরীর সদর, লবণচরা, সোনাডাঙ্গা, আড়ংঘাটা ও দৌলতপুর থানা এলাকায় পৃথক এসব ঘটনা ঘটে।
দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুল হালিম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত হালিম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে প্রকাশিত সংবাদে জানা গেছে।
এদিকে, নগরীর মজিদ সরণির পালংকি রেস্টুরেন্টে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। চাঁদা দাবি ও হত্যার হুমকির মুখে বন্ধ থাকা রেস্টুরেন্টটি পুলিশের নিরাপত্তার আশ্বাসে পুনরায় চালু করা হলেও সেখানে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
অপরদিকে, লবণচরা থানাধীন মোহাম্মদিয়া এলাকায় টুটুল নামে এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। নগরীর সদর থানাধীন বেলায়েত হোসেন সড়কে এক মৎস্য ব্যবসায়ীকে লক্ষ্য করেও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ছাড়া আড়ংঘাটা থানাধীন শলুয়া সুইস গেটসংলগ্ন একটি চায়ের দোকানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
একই দিনে মহানগরীর পাঁচটি পৃথক স্থানে গুলিবর্ষণ ও একজন নিহত হওয়ার ঘটনায় খুলনার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে পুলিশের নিরাপত্তার আশ্বাসে পুনরায় চালু হওয়া ব্যবসাপ্রতিষ্ঠানেও গুলিবর্ষণের ঘটনা অপরাধ প্রতিরোধ ও নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
নগরীতে স্বাভাবিক ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন নগরবাসী।



















