জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ‘মানসিক স্বাস্থ্য ও মনস্তাত্ত্বিক সহায়তা’ প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
- আপডেট: ১০:১৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ‘মানসিক স্বাস্থ্য ও মনস্তাত্ত্বিক সহায়তা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর নিজস্ব সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই প্রশিক্ষণে ৯৯৯-এর মোট ৪৭৩ জন কর্মী অংশগ্রহণ করেন এবং সফলভাবে কোর্স সম্পন্ন করে সনদপত্র গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপিবিএন -এর ডিআইজি ও প্রকল্প পরিচালক ড. শোয়েব রিয়াজ আলম। সভাপতিত্ব করেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর প্রধান ও অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম, বিপিএম (সেবা)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (আইসিটি) মুহাম্মদ রহমতুল্লাহ, ইউএনএফপিএ -এর জাতীয় পরামর্শক ও বিশেষজ্ঞ (মনস্তাত্ত্বিক সেবা) জনাব লুৎফর রহমান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান এবং এসপিবিএন -এর অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ড. শোয়েব রিয়াজ আলম বলেন, পেশাগত দক্ষতার অবিচ্ছেদ্য অংশ হলো মানসিক সুস্থতা—বিশেষ করে পুলিশ সদস্যদের জন্য, যাঁরা অত্যন্ত চাপপূর্ণ ও কঠিন পরিবেশে কাজ করেন। তিনি কার্যকর ও সহানুভূতিশীল জনসেবা প্রদানে মানসিক সহনশীলতা, আত্মসচেতনতা, ধৈর্য ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে মহিউল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কর্মীরা নিয়মিত সংকটকালীন কল, জরুরি পরিস্থিতি ও মানসিকভাবে চ্যালেঞ্জিং অবস্থার মুখোমুখি হন। সেবার মান ধরে রাখা ও পেশাগত দক্ষতা বাড়াতে নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া, কর্মক্ষেত্রের চাপ সামলানো এবং সহকর্মীদের মধ্যে পারস্পরিক সহায়তা বজায় রাখা জরুরি। তিনি অর্জিত জ্ঞান পেশাগত ও ব্যক্তিগত জীবনে প্রয়োগের আহ্বান জানান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচিটি এই বার্তাই তুলে ধরেছে যে মানসিক স্বাস্থ্য কোনো বিলাসিতা নয়; বরং একটি সুস্থ, সহনশীল ও উৎপাদনশীল কর্মীবাহিনীর অপরিহার্য অংশ। মানসিকভাবে সুস্থ জরুরি সেবাকর্মীরা আরও বেশি সহানুভূতি, ধৈর্য ও পেশাদারিত্বের সাথে জনসেবা দিতে সক্ষম হন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯-এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পরিদর্শক জনাব আনোয়ার সাত্তার। উদ্যোগটি সফল করতে সহযোগিতার জন্য ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯, ইউএনএফপিএ, রিসোর্স পার্সন, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।



















