রাজধানীতে তিন বাসে আগুন
- আপডেট: ০১:০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মেরুল বাড্ডা ও পল্লবীতে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। আগুনে বাসগুলোর অধিকাংশ আসন ও কয়েকটির গ্লাস পুড়ে গেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে পল্লবীর সেকশন-১১ এর মিল্লাত ক্যাম্পসংলগ্ন সড়কে পার্কিং করে রাখা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ঢাকা মেট্রো-ব-১১-৭২১৫ নম্বরের বাসটিতে আগুন লাগার পর স্থানীয় লোকজন বালু ও পানি দিয়ে তা নেভান। এতে বাসটির ভেতরের অধিকাংশ আসন ও গ্লাস পুড়ে যায়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন মধুমতি পরিবহনের বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসটি মালিকের বাসার সামনে পার্কিং করা ছিল। আগুনে বাসটি আংশিক পুড়ে গেছে।
একই এলাকায় রাত ১১টা ৩৫ মিনিটে কালশী-পূরবী সড়কের উল্টা বাবার মাজারসংলগ্ন স্থানে পার্কিং করে রাখা বিহঙ্গন পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ঢাকা মেট্রো-ব-১১-৭১৮৫ নম্বরের বাসটিতে আগুন লাগার পর স্থানীয় লোকজন হোটেলের পানি দিয়ে তা নেভান। এতে বাসটির অধিকাংশ আসন ও গ্লাস পুড়ে যায়। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক তিন লাখ টাকা।
এ ছাড়া রাত ৯টা ৫০ মিনিটের দিকে মেরুল বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনের সড়কে আলিফ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ঢাকা মেট্রো-ব-১৫-৭০০০ নম্বরের বাসটির সব কটি আসন পুড়ে যায়। তবে বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কেউ হতাহত হননি।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরুল ইসলাম বলেন, চলন্ত বাসটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসের পেছনের আসনে গানপাউডার ছিটিয়ে রাখতে পারে। বাসের তাপের কারণে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।



















