জুলাই রেবেলস সদস্যের ওপর হামলার ঘটনায় দুই হামলাকারীকে গ্রেফতার
- আপডেট: ০১:৩১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / ১৮০৮৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
জুলাই রেবেলস সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন মো.মাসুম ও মো.ফাহিম খান। রবিবার (১৪ ডিসেম্বর) ভোরে দক্ষিণখান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন,শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টায় রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টর এলাকায় কয়েকজন দুর্বৃত্ত জুলাই রেবেলস সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলা চালায়। এতে তিনি আহত হলে দ্রুত তাকে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতাল পাঠানো হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
তিনি বলেন,হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এই প্রেক্ষিতে আজ ভোর সাড়ে ৫ টায় রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। মামলার সুষ্ঠু তদন্ত এবং আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।




















