গুয়াংজু বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টার্মিনাল পরিবর্তন
- আপডেট: ০৪:০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / ১৮০৩৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
চীনের গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার টার্মিনাল পরিবর্তন করা হয়েছে। আগামী ২২ জানুয়ারি থেকে বিমানের সব ফ্লাইট গুয়াংজু বিমানবন্দরের টার্মিনাল-১ এর বদলে টার্মিনাল-৩ থেকে পরিচালিত হবে।
সোমবার (২২ ডিসেম্বর) বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুয়াংজু বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এই পরিবর্তন কার্যকর করা হচ্ছে। যাত্রীদের যাতায়াত আরও নির্বিঘ্ন করতে এবং উন্নত সেবা প্রদানের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, টার্মিনাল পরিবর্তনের ফলে যাত্রীদের জন্য বিমানের পক্ষ থেকে বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো হলো:
১) বিমানবন্দরে পৌঁছানোর আগেই টিকিট এবং বোর্ডিং পাস সতর্কতার সাথে পরীক্ষা করে নিতে হবে;
২) টার্মিনাল-৩ এ যাওয়ার পথ এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য হাতে পর্যাপ্ত সময় নিয়ে বিমানবন্দরে উপস্থিত হতে হবে;
৩) যাতায়াত বা টার্মিনাল খুঁজে পেতে কোনো সমস্যা হলে বিমানবন্দরে দায়িত্বরত বিমানের গ্রাউন্ড স্টাফদের সাথে যোগাযোগ করে পরামর্শ করতে হবে।
বিমানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, নির্ধারিত তারিখের পর থেকে সকল আন্তর্জাতিক ফ্লাইটের চেক-ইন এবং অন্যান্য কার্যক্রম ৩ নম্বর টার্মিনাল থেকেই সম্পন্ন করা হবে।


















