আনসার সদস্য আবুল হোসেন উদ্ভাবন করেছেন নিজ উদ্যোগে ড্রোন, মহাপরিচালকের প্রশংসা
- আপডেট: ০৫:৫৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / ১৮০৫৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্য আবুল হোসেন তার নিজ উদ্যোগে নির্মিত ড্রোনের মাধ্যমে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের নজির স্থাপন করেছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ তাকে বাহিনীর সদর দপ্তরে আমন্ত্রণ জানিয়ে তার উদ্ভাবনকে সরাসরি দেখে প্রশংসা করেছেন।
মহাপরিচালক বলেন,‘একজন আনসার সদস্যের এমন উদ্ভাবনী উদ্যোগ বাহিনীর সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। বাহিনীর সদস্যদের সৃজনশীল কর্মকাণ্ডকে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে কার্যকরভাবে অবদান রাখা সম্ভব।’
আনসার সদস্য আবুল হোসেন ২০২০ সাল থেকে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম শুরু করেন। এ পর্যন্ত তিনি মোট ২৭টি ড্রোন বিমান তৈরি করেছেন। প্রতিটি ড্রোন দীর্ঘ সময় ধরে সফলভাবে উড্ডয়ন করতে সক্ষম। মঙ্গলবার অনুষ্ঠান চলাকালে আবুল হোসেন তার উদ্ভাবিত ড্রোন আকাশে উড্ডয়ন করেন,যা উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে।
উপস্থিত সকলের কাছে মহাপরিচালক তার এই উদ্ভাবনকে উচ্চ প্রশংসা জানান এবং ভবিষ্যতে এই ধরনের প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী কার্যক্রমে বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতা দেওয়ার আশ্বাস দেন।
বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মহাপরিচালক জানান, প্রান্তিক পর্যায়ের সদস্যদের বিভিন্ন ক্ষেত্রে ড্রোন ব্যবহার এবং সক্ষমতা বৃদ্ধির জন্য বিস্তারিত পরিকল্পনা শিগগিরই বাস্তবায়ন করা হবে।
আনসার সদস্য আবুল হোসেনের উদ্ভাবনী প্রয়াস শুধু বাহিনীর জন্য নয়, দেশের প্রযুক্তিনির্ভর উন্নয়নের ক্ষেত্রেও অনুপ্রেরণার উৎস হিসেবে দেখা হচ্ছে।


















