খালেদা জিয়ার মৃত্যু: ৩৪তম বিসিএসের পুলিশ ব্যাচের শোক প্রকাশ
- আপডেট: ০৭:৫৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ১৮০৩৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে জাতি এক প্রাজ্ঞ,সাহসী ও দৃঢ়চেতা রাষ্ট্রনায়ককে হারাল।
মঙ্গলবার(৩০ ডিসেম্বর) রাতে ৩৪তম বিসিএস অল ক্যাডারস অ্যাসোসিয়েশনের শোক বার্তায় এসব কথা বলা হয়।
শোকবার্তায় স্বাক্ষর করেন সংগঠনের সাধারণ সম্পাদক এডিসি (তেজগাঁও বিভাগ, ডিএমপি) জুয়েল রানা এবং সভাপতি ইউএনও (রূপগঞ্জ উপজেলা,নারায়ণগঞ্জ) সাইফুল ইসলাম জয়।
শোকবার্তায় বলা হয়,গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব, সংসদীয় গণতন্ত্রের বিকাশ,নারী শিক্ষায় বৈপ্লবিক অগ্রগতি, মুক্তিযোদ্ধাদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে বেগম খালেদা জিয়ার অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। রাজনৈতিক প্রতিকূলতা, জেল–জুলুম ও কারাবাসের মধ্যেও তিনি জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্নে ছিলেন অবিচল।
এই শোকাবহ মুহূর্তে ৩৪তম বিসিএস অল ক্যাডারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং গভীর শ্রদ্ধার সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, দলের নেতাকর্মী ও সমগ্র দেশবাসীর প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।
শোকবার্তায় সবাইকে তাঁর রূহের মাগফিরাত কামনায় দোয়া করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার সকাল ছয়টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। আগামীকাল বুধবার বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণপ্লাজায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফন করা হবে। দাফনের সময় সমাধীস্থলে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।



















