চার দিনব্যাপী ‘ন্যাশনাল লিটারেচার ফেস্টিভ্যাল ২০২৬’ সম্পন্ন
- আপডেট: ১১:৪৬:১২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল (এসআইআইএস) লিটারারি ক্লাবের উদ্যোগে চার দিনব্যাপী ‘ন্যাশনাল লিটারেচার ফেস্টিভ্যাল ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
৮ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই উৎসব শিক্ষার্থীদের সাহিত্যচর্চা, সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানিয়েছে আয়োজকরা।
উৎসবে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল ইংলিশ অলিম্পিয়াড, সাহিত্যভিত্তিক কুইজ, এক্সটেম্পোর (তাৎক্ষণিক বক্তৃতা), কবিতা আবৃত্তি, পোস্টার নির্মাণ, নাট্য পরিবেশনা এবং ‘Philosopher’s Pitch’। প্রতিটি বিভাগেই অংশগ্রহণকারীরা তাদের মেধা ও সৃজনশীলতার উজ্জ্বল প্রকাশ ঘটায়, যা উপস্থিত দর্শক ও বিচারকদের প্রশংসা কুড়ায়।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি শিক্ষার্থীদের সাহিত্যচর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, সাহিত্য মানুষের চিন্তাশক্তিকে প্রসারিত করে এবং সমাজকে আরও মানবিক করে তোলে। এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখার আহ্বানও জানান তিনি।
চার দিনব্যাপী আয়োজনে প্রতিযোগিতার পাশাপাশি ইন্টারঅ্যাকটিভ সেশন, আলোচনা ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। ক্লাবের চিফ কনভেনার সেগুফতা ইসলাম জানান, অংশগ্রহণকারীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব ছিল উৎসবের অন্যতম বিশেষ দিক।
সমাপনী দিনে জনপ্রিয় ব্যান্ড ‘Warfaze’ এবং ‘Level Five’-এর পরিবেশনায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সংগীত পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ব্রাদার চন্দন গোমেজ (সি.এস.সি) বলেন, এ ধরনের আয়োজন শুধু প্রতিযোগিতা নয়; বরং এটি তরুণ প্রজন্মের সাহিত্যপ্রেম, সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।



















