- আপডেট: ০২:২২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর ডেমরা ও মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায় পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড,বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে র্যাব-১০।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, গতকাল বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ডিএমপি’র ডেমরা থানাধীন ডেমরা ঘাট সংলগ্ন এলাকায় নিয়মিত টহল ডিউটির সময় পরিত্যক্ত অবস্থায় দুটি গ্রেনেড উদ্ধার করা হয়।
একই রাতের আনুমানিক আড়াইটার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার নিমতলা এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব কর্মকর্তা এসএম হাসান সিদ্দিকী সুমন জানান, এ ধরনের অভিযান দেশের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের চলমান তৎপরতারই অংশ। দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে তারা সর্বদা প্রস্তুত রয়েছে। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে র্যাব।


















