কেরাণীগঞ্জে ৩ লাখ টাকার ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার
- আপডেট: ০২:০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকার কেরাণীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্প। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক কারবারির নাম– শাহেদ শাহরিয়ার সজীব।
বুধবার (০৬ মে) সকালে র্যাব-১০ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ীর একটি আভিযানিক দল সেখানে চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালায়।
এক পর্যায়ে একটি ট্রাক তল্লাশি করে ৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৬ হাজার টাকা। এ ঘটনায় শাহেদ শাহরিয়ার সজীব (২৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার গোপিনাথপুর এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গ্রেফতার সজীব একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে ট্রাক ব্যবহার করে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দকৃত ট্রাকসহ গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য তাকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।



















