ভেড়ামারায় লিচুর বাম্পার ফলন, খুশি চাষিরা
- আপডেট: ০৬:২৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ১৮০০৬
নাসিম উদ্দিন,কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদ গ্রাম ইউনিয়ন এলাকায় এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। বাজারে চাহিদা ও দাম ভালো থাকায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় লিচু চাষি ও বাগান মালিকরা।
স্থানীয় চাষিরা জানান, প্রতি বছরই এ এলাকায় লিচু বাগানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ অঞ্চলের উৎপাদিত রসালো লিচু দেশের বিভিন্ন জেলা-উপজেলায় সরবরাহ করা হয়ে থাকে। ফলে এটি একটি লাভজনক অর্থকরী ফসল হিসেবে পরিচিতি পেয়েছে।
এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় গাছে গাছে থোকায় থোকায় লিচু ধরেছে। তবে প্রচণ্ড রোদ ও বৃষ্টির ঘাটতির কারণে কিছু লিচুর আকার কিছুটা ছোট হয়েছে বলে জানিয়েছেন চাষিরা। তবুও বাজারে ভালো দাম পাওয়ায় তারা আশাবাদী।
চাষি মো. মেহেরুল জানান, তার বাগানে প্রায় ৫০টি লিচু গাছ রয়েছে এবং প্রতিটি গাছে প্রচুর ফল ধরেছে। পাখির আক্রমণ থেকে রক্ষা করতে তিনি পাহারা ও বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করেছেন। তিনি বলেন, “এ বছর লিচুর ফলন ভালো হলেও আকার কিছুটা ছোট হয়েছে। তবে দাম ভালো পাওয়ায় লাভের আশা করছি।”
একই এলাকার চাষি মো. স্বপন মন্ডল জানান, এবারের মৌসুমে প্রায় তিন লাখ টাকার লিচু বিক্রির আশা করছেন তিনি।
এদিকে স্থানীয় লিচু ব্যবসায়ী জামিরুল ও হাসান হোসেন জানান, গত কয়েক বছর ক্ষতির মুখে পড়লেও এবার লিচুর ভালো দাম পাচ্ছেন তারা। বর্তমানে ২০০ লিচু ২২০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান তারা।
স্থানীয় হাটবাজারেও ইতোমধ্যে মৌসুমি এই ফল উঠতে শুরু করেছে। ক্রেতাদের চাহিদা ভালো থাকায় ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করছেন লিচু বাছাই, বাঁধাই ও পরিবহনে।
পরিশেষে বলা যায়, অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের কারণে এ বছর ভেড়ামারা উপজেলার চাঁদ গ্রাম এলাকায় লিচু উৎপাদন আশানুরূপ হয়েছে। কৃষকরা লাভের মুখ দেখছেন বলে আশা করা যাচ্ছে।
























