পল্লবীতে তরবারি-খুর-খেলনা পিস্তল নিয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেফতার ২
- আপডেট: ১১:২৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি তরবারি, একটি স্টিলের খুর, একটি খেলনা পিস্তল ও একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন–মো. রাজন সরদার (২৫) ও মো. ফয়সালুর রহমান ওরফে ফয়সাল।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির এসব তথ্য জানান।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া একটার দিকে সেকশন-১১-এর ব্লক সি এলাকায় প্রগতি উচ্চবিদ্যালয়ের সামনে পাকা সড়কে কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করেন। পরে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন লিটন ও তার সঙ্গীয় ফোর্স দুজনকে আটক করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতার রাজনের কাছ থেকে একটি তরবারি, একটি স্টিলের খুর ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। আর ফয়সালের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



















