লালবাগে বাসা থেকে আইনজীবীর গলিত মরদেহ উদ্ধার
- আপডেট: ০৭:১৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০১৯
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকার লালবাগের শহীদনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মরদেহ দুই থেকে তিন দিন আগের হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে শহীদনগর ৩ নম্বর গলির একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামিল হোসেন বলেন, ২৪ নম্বর ওয়ার্ডের শহীদনগর ৩ নম্বর গলির (বেড়িবাঁধ) ১০/১ নম্বর বাসার দ্বিতীয় তলার একটি কক্ষে একাই ব্যাচেলর হিসেবে থাকতেন আনোয়ার হোসেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তাঁর কক্ষ থেকে দুর্গন্ধ পেয়ে অন্য ভাড়াটিয়ারা পুলিশে খবর দেন।
খবর পেয়ে লালবাগ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিআইডির ক্রাইমসিন টিমকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি জামিল হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শনের সময় আনোয়ার হোসেনের কক্ষ থেকে এক পিস ইয়াবা ট্যাবলেট, গ্যাস লাইটার ও মাদক সেবনে ব্যবহৃত কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, পারিপার্শ্বিক অবস্থা ও প্রাথমিক তথ্যের ভিত্তিতে আনোয়ার হোসেন স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
ওসি আরও বলেন, এ ঘটনায় আনোয়ার হোসেনের বোন নাসিমা বেগম থানায় একটি লিখিত আবেদন দিয়েছেন। এ ঘটনায় লালবাগ থানায় অপমৃত্যুর মামলা করার প্রক্রিয়া চলছে।
আইনজীবী সমিতির তথ্য অনুযায়ী, আনোয়ার হোসেন ২০১৩ সালের পর থেকে ঢাকা আইনজীবী সমিতিতে অনিয়মিত ছিলেন। তিনি অবিবাহিত ছিলেন।




















