প্রধানমন্ত্রী জাপান সফরে যাচ্ছেন ২৬ অক্টোবর
- আপডেট: ০৫:০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর করতে পারেন। সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। এছাড়া জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাতের কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর সফরে বিনিয়োগ সম্প্রসারণ, বাণিজ্য, জ্বালানি সহযোগিতা ও জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় গুরুত্ব পেতে পারে।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, সফরকে সামনে রেখে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে জনশক্তি রপ্তানি-সংক্রান্ত একটি সমঝোতা প্রায় প্রস্তুত রয়েছে। উভয় পক্ষের সম্মতি হলে প্রধানমন্ত্রীর টোকিও সফরের সময় এটি সই হতে পারে।
এদিকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি জানিয়েছেন, অক্টোবরের শেষ দিকে প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতি চলছে। তবে ঠিক কোন তারিখে তিনি ঢাকা ছাড়বেন, সে বিষয়ে চূড়ান্ত তথ্য তখনো জানানো হয়নি।
জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণটি গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-জাপান সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় বাংলাদেশের কাছে পৌঁছে দেওয়া হয়। জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজু ওই আমন্ত্রণ পৌঁছে দেন। একই বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়।


















