শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেফতার
- আপডেট: ০১:৫৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মিরপুরে গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩৩ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে নাশকতাকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩৩ জন সদস্যকে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করেছে ডিএমপি।
রাজধানীর মিরপুরে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটছে। গত শনিবার (৩১ অক্টোবর) থেকে শুরু হওয়া এ আন্দোলন মঙ্গলবার টানা চতুর্থ দিনে গড়িয়েছে। আন্দোলনকে কেন্দ্র করে মিরপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গত রবিবার (১ নভেম্বর) মিরপুর-১০, ১১ ও ১২ নম্বর এলাকায় শ্রমিকদের বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
সোমবার (২ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো শ্রমিকেরা সড়কে নামলে মিরপুরের বিভিন্ন এলাকায় আবারও সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এদিন আন্দোলনের নামে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। একই দিন আন্দোলনকারীদের মধ্য থেকে আরও ২৩ জনকে গ্রেফতারের তথ্যও জানায় পুলিশ।
মঙ্গলবারও (৩ নভেম্বর) মিরপুর-১১ নম্বরসহ আশপাশের এলাকায় শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সড়কে যানচলাচল ব্যাহত হয়। নিরাপত্তাজনিত কারণে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন বন্ধ রাখা হয়। আন্দোলনকে কেন্দ্র করে পুরো এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।



















