টেকনাফে ২ লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- আপডেট: ০৪:১৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পাচারে জড়িত অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক প্রায় ১০ কোটি টাকা। এ ছাড়া পাচারের কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে—এমন গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফ নাফ নদীতে বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। তবে বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে সাবরাং আলোগোলা জোড়া এলাকা সংলগ্ন নাফ নদী থেকে বোটটি আটক করেন।
পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা দুজনকে আটক করা হয়।
কোস্ট গার্ড আরও জানায়, মাদক পাচারের সঙ্গে জড়িত অন্য ব্যবসায়ী ও সহযোগীদের শনাক্ত এবং আটকের জন্য গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা ইয়াবা, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















